স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক আফগানিস্তান। তৃতীয় ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলার সুযোগ ছিল আফগানদের। তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৬৬ রানের বড় ব্যবধানে হারল নবি-রশিদরা।
সোমবার রাতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তবে প্রথম দুই ম্যাচের মতো পাকিস্তানকে নাস্তানাবুদ করতে পারেনি আফগান বোলাররা। সাইম আইয়ুবের ৪০ বলে ৪৯ ইফতেখার আহমেদের ৩১ এবং শেষের দিকে অধিনায়ক শাদাব খানের ২৮ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভার খেলে ১৮২ রান সংগ্রহ করে পাকিস্তান।
আফগানিস্তানের সব বোলারই উইকেটের দেখা পেয়েছেন। তবে তাদের সেরা বোলার ছিলেন মুজিব-উর-রহমান। ৪ ওভার বোলিং করে ২৮ রানে ২ উইকেট তুলে নেন এই স্পিনার।
জবাবে বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েন আফগান ব্যাটসম্যানরা। ৩৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেন তারা। এর পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে মোহাম্মদ নবি ও উসমান ঘানি।নিয়মিত উইকেট হারিয়ে নির্ধারিত ওভারের আগেই ১১৬ রানে অলআউট হয়ে যান আফগানরা।
পাকিস্তানের হয়ে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দারুণ পারফর্ম করেন অধিনায়ক শাদাব খান। ৪ ওভারে ১৩ রানে ৩ উইকেট পান এই স্পিনার। যার কারণে ম্যাচসেরার পুরস্কার ওঠে পাক অধিনায়কের হাতে। এ ছাড়া ইহসানুল্লাহ পেয়েছেন ৩ উইকেট। এই ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল পাকিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ জিতে নিল আফগানিস্তান।
আপনার মতামত লিখুন :