জাহারা মিতু এবার দেবের নায়িকা | Daily AjKaler Kontho

জাহারা মিতু এবার দেবের নায়িকা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২০, ৯:৩৬ পূর্বাহ্ন
জাহারা মিতু এবার দেবের নায়িকা

বিনোদন ডেস্ক : শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘আগুন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে চলেছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার প্রথম আসরের দ্বিতীয় স্থান অর্জন করা জাহারা মিতুর। তার আগে ক্রিকেট বিশ^কাপের অনুষ্ঠান উপস্থাপনা করেও আলোচনায় ছিলেন তিনি। আবারও আলোচনায় এই নায়িকা। এবার কলকাতার শীর্ষস্থানীয় নায়ক দেবের বিপরীতে সিনেমা করতে চলেছেন তিনি। সাফটা চুক্তি বা যৌথ প্রযোজনা নয়, বাংলাদেশের একক সিনেমায় অভিনয় করবেন দেব। নাম ‘মিশন সিক্সটিন’। গত বছরের শেষে এমনটাই ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। কিন্তু তিন মাস পর শোনা যাচ্ছে নতুন খবর। দেব ঢাকার সিনেমায় অভিনয় করবেন ঠিকই, তবে ‘মিশন সিক্সটিন’-এ নয়। এমনকি এ প্রযোজনা প্রতিষ্ঠান, পরিচালক সবই বদলে গেছেন। তবে তার নায়িকা হিসেবে দেখা যাবে জাহরা মিতুকে। বিষয়টি নিয়ে খুবই আনন্দিত মিতু। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরুতেই দুই বাংলার দুইজন শীর্ষ নায়কের সঙ্গে কাজ করার সৌভাগ্য সবার হয় না। আমি সেই সুযোগ পেয়েছি। সুযোগগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে চাই। নয়ত নিজেরই আফসোস থেকে যাবে।’ মিতু আরও বলেন, ‘প্রথমে দেবের সঙ্গে ‘মিশন সিক্সটিন’ ছবিটিই করার কথা ছিল আমার। কিন্তু শাপলা মিডিয়া এখন ওই সিনেমাটি করছে না। এদিকে দেবের শিডিউল আগেই দেওয়া ছিল। তার মতো ব্যস্ত তারকার সময়ের মূল্য নিশ্চয়ই সবাই জানেন। তিনি এই সময়টি অন্যভাবে ব্যয় না করে নতুন সিনেমায় দিতে চেয়েছেন। নতুন সিনেমাটির নাম ‘কমান্ডো। তবে সিনেমাটি নিয়ে কথা বলার জন্য এখনই উপযুক্ত সময় আসেনি। কারণ, এখনো এ সিনেমার পরিচালকের নামই ঠিক হয়নি। পরিচালক একটি সিনেমার ক্যাপ্টেন অব দ্য শিপ। তাই এখন সিনেমা নিয়ে বিস্তারিত বলতে পারছি না। দু-এক দিনের মধ্যেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সব জানানো হবে।’

মিতু শুধু এটুকু জানালেন, এটি একটি পূর্ণাঙ্গ অ্যাকশন সিনেমা। শাকিব খানের সঙ্গে ‘আগুন’ মিতু অভিনীত প্রথম সিনেমা। সেটিও অ্যাকশন সিনেমা। তাহলে কি তিনি শুধু অ্যাকশন সিনেমাই করতে চান? এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘একদমই না। আমি সব ধরনের সিনেমা করতে চাই। তবে কাকতালীয়ভাবে আমার প্রথম দুটি সিনেমাই অ্যাকশন ঘরানার হয়ে গেছে। তবে দুটি সিনেমার উপস্থাপনা একেবারেই ভিন্ন। আমার চরিত্রেও বৈচিত্র্য রয়েছে। ‘আগুন’ সিনেমায় অ্যাকশনের সঙ্গে পারিবারিক গল্প রয়েছে। আর ‘কমান্ডো’ হলো একটি মিশনের গল্প। আমি নিজেও সেই মিশনে অংশ নেব। আমাকে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। এজন্য নিজেকে প্রস্তুত করার জন্য সময় লাগবে। আশা করছি ভালো কিছু হবে।’

‘মিশন সিক্সটিন’ ছবিতে পরিচালক হিসেবে শামীম আহমেদ রনির নাম ঘোষণা করা হলেও তিনি ‘কমান্ডো’ পরিচালনা করবেন না। এ প্রসঙ্গে শামীম আহমেদ রনি বলেন, ‘আমি চলচ্চিত্রের ওপর উচ্চতর ডিগ্রি নিতে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। ফলে ‘কমান্ডো’ ছবি থেকে আমি সরে এসেছি। প্রযোজক অন্য কাউকে নিয়ে ছবিটি নির্মাণ করবেন।’

আজকালের কন্ঠ / এম