খালেদা জিয়া আবেদন করলে বিবেচনা করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী | Daily AjKaler Kontho

খালেদা জিয়া আবেদন করলে বিবেচনা করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২০, ৯:৩৮ পূর্বাহ্ন
খালেদা জিয়া আবেদন করলে বিবেচনা করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক ; স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে আবেদন করেন, তাহলে সরকার তার প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনা করে দেখবে।

রোববার দুপুরে কিশোরগঞ্জের তাড়াইলে তিন দিনব্যাপী ইসলামী ইজতেমায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসাসেবা নিশ্চিত করছে সরকার। তার পরিবার কিংবা দলের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে কোনো আবেদন করা হয়নি। আবেদন পেলে সরকার সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

তাড়াইল উপজেলার ইছাপশর-বেলংকা গ্রামে তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার শেষ দিনে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তিনি বেলা ১২টায় হেলিকপ্টারে ইজতেমা এলাকায় অবতরণ করেন।

ইজতেমায় সভাপতিত্ব করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। এতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। ইজতেমায় প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতিবিরোধী চলমান আন্দোলনকে সফল করতে সবার সহযোগিতা চান।

তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। কিন্তু কোনো ধর্মকে কেউ কটাক্ষ করলে তা মেনে নেবে না সরকার। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহর ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

এ সময় ময়মনসিংহের নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /এমএম