বাংলাদেশ সিরিজের আগে নিউজিল্যান্ডকে ধসিয়ে দিল ইংল্যান্ড | Daily AjKaler Kontho

বাংলাদেশ সিরিজের আগে নিউজিল্যান্ডকে ধসিয়ে দিল ইংল্যান্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৩, ৭:৩০ অপরাহ্ন
বাংলাদেশ সিরিজের আগে নিউজিল্যান্ডকে ধসিয়ে দিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : সময় এখন অনেক বদলেছে। একটা সময়ে পূর্ণ শক্তির জাতীয় দল সাজাতেই হিমশিম খেতে হতো। অথচ এখন খেলা যেমন বেড়েছে, বেড়েছে মান সম্মত খেলোয়াড়ও।

যে কারণে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের মতো শক্তিশালী দলগুলো টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল মাঠে নামাচ্ছে।

শুক্রবার নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটনে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দল।

অথচ এদিন সকালেই তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসে পৌঁছায় জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল। ১ মার্চ থেকে মিরপুরে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে ইংরেজদের।

বাংলাদেশে জস বাটলাররা মাঠের লড়াইয়ে নামার আগেই নিউজিল্যান্ডকে খেল দেখাচ্ছে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড টেস্ট দল।

নিউজিল্যান্ড সফরে শুক্রবার ওয়েলিংটন টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২১ রানে ৩ উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যায় ইংল্যান্ড। তৃতীয় উইকেটে হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে ৩০২ রানের পাটর্নারশিপ গড় দলকে খেলায় ফেরান সাবেক অধিনায়ক জো রুট। এই জুটিতেই দুজনে তুলে নেন সেঞ্চুরি।

হ্যারি ব্রুকতো ডাবল সেঞ্চুরির পথেই ছিলেন। কিন্তু ওয়ানডের স্টাইলে ব্যাটিং করে যাওয়া হ্যারি ব্যক্তিগত ১৮৬ রানে বিপদে পড়েন। ম্যাট হ্যানরির শিকারে পরিণত হওয়ার আগে ১৭৬ বলে ২৪টি চার আর ৫টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।

হ্যারি ব্রুক আউট হওয়ার পর ২৭ রানে ফেরেন অধিনায়ক বেন স্টোকস। শূন্য রানে ফেরেন বেন ফোকস। ১৪ রানে আউট হন স্টুয়ার্ড ব্রড। ১৮ রানে আউট হন ওলি রবসন।

২২৪ বলে ১০টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১৫৩ রানে অপরাজিত জো রুট। ৬ রানে অপরাজিত জ্যাক লিচ। ৮ উইকেটে ইংল্যান্ডের রান যখন ৪৩৫, তখন ইনিংস ঘোষণা করেন অধিনায়ক বেন স্টোকস।

শনিবার লাঞ্চের ঠিক আগে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। ইংলিশ অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনের গতি আর জ্যাক লিচের স্পিনে বিভ্রান্ত হয়ে ১০৩ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৩৮/৭ রান।

২৬ ও ২৩ রানে অপরাজিত উইকেটকিপার ব্যাটসম্যান টম বান্ডেল আর পেসার টিম সাউদি।এখনও ২৯৭ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।ফলোঅন এড়াতে হলেও করতে হবে ৯৮ রান। হাতে আছে লেজের ৩ উইকেট।