আজকালের কন্ঠ ডেস্ক : আফগানিস্তানের তালেবান-নেতৃত্বাধীন প্রশাসন রাশিয়া, ইরান ও পাকিস্তানের কয়েকটি কোম্পানিকে নিয়ে একটি কনসোর্টিয়াম গঠন করেছে। বিদ্যুৎ, খনি ও অবকাঠামো খাতে বিনিয়োগ পরিকল্পনা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আফগানিস্তানের ভারপ্রাপ্ত বাণিজ্যমন্ত্রী বুধবার জানিয়েছেন।
নূরউদ্দিন আজিজি রয়টার্সকে জানান, কনসোর্টিয়ামে ১৪ আফগান ব্যবসায়ী রয়েছে। তার মন্ত্রণালয় বিদেশী কোম্পানিগুলোর সাথে একটি সমঝোতা স্মারকে সই করেছে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এক বিলিয়ন ডলার পর্যন্ত প্রকল্পগুলো নিয়ে আলোচনার জন্য কাবুলে আসবে।
তালেবান ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় বেশির ভাগ উন্নয়ন প্রকল্পে তহবিল প্রদান বন্ধ করে দেয়ায় এবং ব্যাংকিং খাতের ওপর অবরোধ আরোপ করায় দেশটি বেশ সমস্যায় পড়েছে।
এছাড়া বিদেশী লক্ষ্যবস্তুগুলোর ওপর আইএসের কয়েকটি হামলাও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
আজিজি বলেন, তার প্রশাসন দীর্ঘ মেয়াদি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। এগুলোর মধ্যে রয়েছে কনসোর্টিয়াম ও বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করার জন্যও তারা কাজ করে যাচ্ছেন। সূত্র : মিডল ইস্ট মনিটর
আপনার মতামত লিখুন :