ব্রিটিশ রাজপরিবারে আবারও বিয়ে বিচ্ছেদ | Daily AjKaler Kontho

ব্রিটিশ রাজপরিবারে আবারও বিয়ে বিচ্ছেদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২০, ১০:২৭ অপরাহ্ন
ব্রিটিশ রাজপরিবারে আবারও বিয়ে বিচ্ছেদ

আজকালের কন্ঠ ডেস্ক : প্রিন্স হ্যারি-ম্যাগানের রাজপরিবার ছাড়ার পর এবার বিচ্ছেদের ঘটনায় আলোচনায় ব্রিটিশ রাজপ্রাসাদ।

বিবিসি জানায়, বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি পিটার ফিলিপস ও তার স্ত্রী অটাম।

রানি দ্বিতীয় এলিজাবেথ-প্রিন্স ফিলিপ দম্পতির সবচেয়ে বড় নাতি পিটার ফিলিপস। প্রিন্সেস রয়্যাল অ্যানি এবং তার প্রথম স্বামী ক্যাপ্টেন মার্ক ফিলিপসের একমাত্র পুত্রসন্তান তিনি।

২০০৮ সালে কানাডার নাগরিক অটাম কেলিকে বিয়ে করেন ৪২ বছর বয়সী পিটার। এর মধ্যে তাদের ঘরে জন্ম নিয়েছে দুই মেয়ে সাভানাহ (৯) এবং ইসলা (৭)।

এক বিবৃতিতে ফিলিপস-অটাম দম্পতি তাদের বিয়ে বিচ্ছেদের ঘোষণা দেন। দুজনেই সন্তানদের দায়িত্ব ভাগাভাগি করে নেবেন বলে জানান।

এই ব্রিটিশ রাজদম্পতি জানান, তাদের চলমান বন্ধুত্বের স্বার্থে এবং সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

গত বছরই রানি এবং রাজপরিবারের অন্যান্য সদস্যদের তাদের এই সিদ্ধান্তের কথা জানান ফিলিপস-অটাম।

বিবৃতিতে বলা হয়, দুই পরিবারই মর্মাহত হলেও তাদের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন তারা।

এর আগে ব্রিটিশ রাজপরিবারে সবচেয়ে আলোচিত বিয়ে বিচ্ছেদ ছিল প্রিন্স চার্লস এবং প্রিন্সেস ডায়ানার মধ্যকার। ১৯৯৬ সালে তাদের পনের বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের অবসান ঘটে। পরের বছরেই এক সড়ক দুর্ঘটনায় প্রেমিক দোদি আল ফায়েদসহ নিহত হন ডায়ানা।

আজকালের কন্ঠ /এমএম