আজকালের কন্ঠ ডেস্ক : জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সুশাসনের জন্য দুর্নীতির আসল বেগম ও সাহেবদের ধরতে হবে, ঝিকে মেরে বৌকে শেখালে হবে না।
মঙ্গলবার দিনাজপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দিনাজপুর জেলা শাখার কাউন্সিল অধিবেশন-২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, দুর্নীতিবাজদের সিন্ডিকেট ধ্বংস করতে হবে ত্রিমুখী অভিযানে। আত্মসাৎকারী, অসৎ কিছু রাজনীতিক, অসৎ ব্যবসায়ীদের নির্মূল করে সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, জঙ্গি, সন্ত্রাস ও সাম্প্রদায়িক চক্রের সব ফাঁক-ফোকর বন্ধ করে রাজনীতির মাঠে স্থায়ী রাজনীতিতে শাস্তি প্রতিষ্ঠা করতে হবে এবং লুটপাট ও বৈষম্যের অবসান করতে উন্নয়নকে টেকসই ও সমন্বিত করতে হবে।
দুর্নীতি-দলবাজি-বৈষম্য হচ্ছে জাতির অভিশাপ। সুশাসন প্রতিষ্ঠায় দেশকে সংবিধানের বিধান ও নির্দেশকে কার্যকরী করার আহ্বান জানান তিনি।
জাসদ দিনাজপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইমামুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক অধ্যক্ষ রাজিউর রহমান বাবুল।
আজকালের কন্ঠ /এমএম
আপনার মতামত লিখুন :