আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২০, ১২:৪৭ পূর্বাহ্ন
আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিতে তার চার দিনের সরকারি সফর শেষে আজ শনিবার দেশে ফিরছেন। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান গতকাল শুক্রবার ইতালির স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে মিলান মালপেঁসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। আজ সকাল ৮টার দিকে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের কথা রয়েছে।

ইতালির রাজধানী রোম থেকে বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী মিলান পৌঁছান। এর আগে ইতালির প্রধানমন্ত্রী জিওসিপে কোঁতর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে গত ৪ ফেব্রুয়ারি রোম পৌঁছান। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন পালাজো চিগিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এর আগে তিনি রোমের ভায়া ডেল অ্যান্টারাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন।

অপরাহ্নে ইতালির ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল তার অবস্থানকালীন হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। পরে প্রধানমন্ত্রী পার্কো দ্য প্রিনসিপি গ্রান্ড হোটেল অ্যান্ড স্পাতে বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী ৬ ফেব্রুয়ারি খ্রিষ্টান ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে ভ্যাটিক্যান সিটিতে সাক্ষাত্ করেন। তিনি ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের ইতালির শাখার উদ্যোগে পার্কো দ্য প্রিনসিপি গ্রান্ড হোটেল অ্যান্ড স্পাতে আয়োজিত এক সংবর্ধনাতেও অংশগ্রহণ করেন।

আজকালের কন্ঠ /এমএম