মাহমুদউল্লাহর ১৫ রানের আফসোস | Daily AjKaler Kontho

মাহমুদউল্লাহর ১৫ রানের আফসোস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২০, ৮:৪৭ পূর্বাহ্ন
মাহমুদউল্লাহর ১৫ রানের আফসোস

স্পোর্টস রিপোর্টার : ম্যাচ শেষে গাদ্দাফি স্টেডিয়ামে দুই অধিনায়ক তো বটে, ম্যাচসেরা শোয়েব মালিকের কণ্ঠেও ঝরে পড়ল বিস্ময়। মন্থর উইকেট বিস্মিত করেছে তাদের।

বল পুরনো ও নরম হওয়ার পর শট খেলা ছিল কঠিন, এমন মন্তব্য করে মহামুদউল্লাহর আফসোস, ‘আমরা ১৫ রান কম করেছি। বাউন্ডারিও দিয়েছি বেশি।’ পাঁচ উইকেটে হেরে যাওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম টি ২০-তে সফরকারীদের আর কোথায় ভুল হয়েছে?
বাংলাদেশ অধিনায়কের উত্তর, ‘বেশ কয়েকটি রানআউটের সুযোগ নষ্ট করেছি। ক্যাচও ফেলেছি কয়েকটি।’ তিনি বলেন, ‘ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কিন্তু উইকেট আমাকে কিছুটা বিস্মিত করেছে। বল যখন পুরনো এবং নরম হয়ে ওঠ, শট খেলা তখন কঠিন হয়ে যায়। আমাদের বোলাররা ভালো করেছে।’

শোয়েব মালিক অপরাজিত ৫৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। কার্যকর ব্যাটিং করলেও উইকেটের আচরণ অবাক করেছে তাকেও। স্বীকার করে নিয়েছেন পুরনো বলে এই উইকেটে খেলা কঠিন ছিল।

মালিক বলেন, ‘শুরু থেকে নতুন বলে খেলা যাচ্ছিল। তবে পুরনো বলে ততটা স্বস্তিবোধ হচ্ছিল না। কৃতিত্ব বোলারদের দিতে হবে। ভালো শুরুর পর তারা কম রানে বাংলাদেশকে বেঁধে রাখতে পেরেছে।

ফিল্ডিংও দারুণ হয়েছে।’ ম্যাচসেরা মালিক টি ২০ আন্তর্জাতিক ম্যাচে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। রেকর্ড ১১২ ম্যাচে ২,৩২১ রান করেছেন তিনি।
এদিকে টি ২০ ক্রিকেটে ব্যাটিং র‌্যাংকিংয়ে এক নম্বরে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কাল তিনি শফিউল ইসলামের দ্বিতীয় বলেই আউট হয়ে ফেরেন।

বাবর বলেন, ‘জয়টা অনেক গুরুত্বপূর্ণ। বোলাররা দারুণ বোলিং করেছে। আমরা আশা করিনি উইকেট এমন মন্থর হবে। কিন্তু তারা যেভাবে পরিকল্পনা করেছে তাদের কৃতিত্ব দিতেই হয়।’