মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার | Daily AjKaler Kontho

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৩, ৪:৪২ অপরাহ্ন
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

আজকালের কন্ঠ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামি নকিব হোসেন আদিল সরকার ও মোখলেসুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৩০ জানুয়ারি) রাতে রাজধানীর দক্ষিণখান ও আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের ত্রিশালের কাকচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলীকে রাজাকারদের ক্যাম্পে ধরে নিয়ে যায় এবং টর্চার সেলে নির্যাতনের পর ১৫ আগস্ট সকালে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় শহীদ ইউনুস আলীর ছেলে ২০১৫ সালের ২৮ ডিসেম্বর ময়মনসিংহের বিচারিক আদালতে নকিব হোসেন আদিল সরকার ও মো. মোখলেছুর রহমান মুকুলসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত বিচারিক কার্যক্রমের জন্য মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠায়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ২০১৭ সালে মামলা হয়। ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। পরে ২০১৭ সালে বর্ণিত অভিযোগের তদন্ত শেষে নয়জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

র‌্যাব জানায়, মামলার অভিযুক্ত দুই আসামি রায়ের আগে স্বাভাবিকভাবে মারা গেছে। চলতি বছরের ২৩ জানুয়ারি নকিব হোসেন আদিল সরকার ও মো. মোখলেছুর রহমান মুকুলসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেন আদালত।