ইশরাকের বাসায় গিয়ে ভোট চাইলেন তাপস! | Daily AjKaler Kontho

ইশরাকের বাসায় গিয়ে ভোট চাইলেন তাপস!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২০, ৫:৪৭ অপরাহ্ন
ইশরাকের বাসায় গিয়ে ভোট চাইলেন তাপস!

আজকালের কন্ঠ ডেস্ক : শনিবার দুপুরে ওয়ারীতে আরকে মিশন রোডের গোপীবাগের সেকেন্ড লেনে ইশরাকের বাসার নিচে গিয়ে ভোট চান তাপস।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের বাসায় গিয়ে ভোট চাইলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

শনিবার দুপুরে আরকে মিশন রোডের গোপীবাগের সেকেন্ড লেনে ইশরাকের বাসার নিচে গিয়ে ভোট চান আওয়ামী লীগের এ প্রার্থী।

জানা গেছে, এদিন রাজধানীর ওয়ারীর ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন তাপস।

দুপুরে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের বাসার নিচে গিয়ে ভোট চান তাপস।

এ সময় তিনি বলেন, ‌‌এখন থেকে ঢাকায় সম্প্রীতির রাজনীতি চলবে। সম্প্রীতির রাজনীতির মাধ্যমেই উন্নয়ন সম্ভব।
তাপস বলেন, ঢাকা শহরে মাদকসহ অন্যান্য অপরাধমূলক সামাজিক যে ব্যাধিগুলো রয়েছে, সেগুলো দূর করা হবে। আমরা এলাকাভিত্তিক সমস্যাগুলো সমাধান করব। আমরা ঢাকাকে উন্নত দেশের উন্নত রাজধানী হিসেবে গড়ে তুলব।

এর আগে রোজ গার্ডেন এলাকায় পৌঁছানোর আগেই দলের নেতাকর্মীরা সেখানে ভিড় করেন। সেখানে শেখ ফজলে নূর তাপস পৌঁছালে ফুলের নৌকা উপহার দিয়ে তাকে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা।

আজ গণসংযোগের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফি, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /এম