ভারতে হাসপাতালে আগুন, দুই চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু | Daily AjKaler Kontho

ভারতে হাসপাতালে আগুন, দুই চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৩, ৩:৩৯ অপরাহ্ন
ভারতে হাসপাতালে আগুন, দুই চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডে মাঝরাতে হাসপাতালে আগুন লেগে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দু’জনই চিকিৎসক বলে জানা গেছে। ঝাড়খণ্ডের রাঁচী থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধনবাদের ব্যাঙ্ক মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে উদ্ধারকাজ চলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে হাসপাতাসলের মালিক তথা চিকিৎসক বিকাশ হাজরা, তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং পরিচারিকা তারা দেবী রয়েছেন। এ ছাড়া সোহান খানারি নামে আরও একজনের দেহ চিহ্নিত হয়েছে। সব মিলিয়ে চিকিৎসক দম্পতি-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে তাদের একটি পোষা কুকুরও পুড়ে মারা গিয়েছে। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান, অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টজনিত কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

পুলিশ জানাচ্ছে, বাড়ির একটি অংশে হাসপাতাল করেছিলেন ওই চিকিৎসক দম্পতি। শুক্রবার রাতে হঠাৎই ওই হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় ঝাড়খণ্ড পুলিশ এবং দমকল বাহিনী। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ধনবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেমকুমার তিওয়ারি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘হাসপাতালের মালিক, তার স্ত্রী-সহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে, স্টোর রুমে লাগা আগুন ছড়িয়ে পড়ায় এই কাণ্ড। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সেটা জানতে তদন্ত চলছে।’

পুলিশ জানিয়েছে, চার জনের দেহ চিহ্নিত হয়েছে। বাকি এক জনের পরিচয় এখনও জানা যায়নি।