তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে ভারতের রাজধানী এক দশকের রেকর্ড ভাঙলো দিল্লির | Daily AjKaler Kontho

তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে ভারতের রাজধানী এক দশকের রেকর্ড ভাঙলো দিল্লির


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৩, ২:২৪ অপরাহ্ন
তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে ভারতের রাজধানী এক দশকের রেকর্ড ভাঙলো দিল্লির

আজকালের কন্ঠ ডেস্কঃ তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে ভারতের রাজধানী দিল্লি। পুরনো সব রেকর্ড ভেঙে এ অঞ্চলে রোজই পারদ পড়ছে। প্রায় ১০ বছর পর এবারই টানা ছয়দিনের শৈত্যপ্রবাহ দেখলো দিল্লি।

বছরের শুরুতে এত দীর্ঘ সময় ধরে শৈত্যপ্রবাহ গত ১০ বছরেও দেখা যায়নি বলে জানিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা। শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার দাপটে কাবু দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের একাংশ।

টাইমস অব ইন্ডিয়া বলছে, দিল্লিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গড় তারপমাত্রা থেকে পাঁচ ডিগ্রি কম এবং চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

অন্যদিকে ভারত-শাসিত কাশ্মীরে তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। উত্তরের অন্যান্য রাজ্যগুলোও তীব্র শৈত্যপ্রবাহের সাথে লড়াই করছে।

কুয়াশার চাদরে ঢেকে গেছে একাধিক অঞ্চল। রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২০ ঘন্টারও বেশি সময় ধরে দিল্লিতে দৃশ্যমানতা প্রায় শূন্য ছিল। ফলে বিপাকে পড়েন সাধারণ মানুষ। সীমিত হয়ে আসে যোগাযোগ ব্যবস্থা।

আবহাওয়া অধিদপ্তর জনগণকে আবহাওয়ার অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত “বহিরের কার্যকলাপ এড়িয়ে চলতে বা সীমিত করতে” বলেছে। ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

রাজধানী দিল্লির কর্তৃপক্ষ স্কুলগুলোকে শীতকালীন ছুটি বাড়াতে বলছে এবং আগামী কয়েকদিনের ক্লাস বাতিল করতে বলেছে।

ঘন কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দর থেকে দুইশ’ টিরও বেশি উড়োজাহাজ দেরিতে উড়েছে এবং পাঁচটি দিল্লিগামী বিমান জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কুয়াশার কারণে ৭০টিরও বেশি ট্রেন দেরিতে ছেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার পর্যন্ত দিল্লির আকাশ কুয়াশায় ঢাকা থাকবে।

২০১৩ সালের জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত এক টানা ৭ দিন দিল্লির তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে ছিল। গত ৬ জানুয়ারি দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.৯ ডিগ্রি সেলসিয়াসে নামে। ২০০৬ সালেও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। সেবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াসে।

এ বছর জানুয়ারির ৫ থেকে ৯ তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহের ফলে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.৯ ডিগ্রি সেলসিয়াসে নামে। মঙ্গলবার ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ছিল ৫০ মিটারেরও কম।