কোনো দিন ভুলব না এমন একটি বছর শেষ হলো : মেসি | Daily AjKaler Kontho

কোনো দিন ভুলব না এমন একটি বছর শেষ হলো : মেসি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৩, ২:০৯ অপরাহ্ন
কোনো দিন ভুলব না এমন একটি বছর শেষ হলো : মেসি

আজকালের কন্ঠ ডেস্ক : ফুটবল মেগাস্টার লিওনেল মেসির জন্য বিদায়ী ২০২২ সালটি ছিল স্বপ্নপূরণের বছর। ২০০৬ সাল থেকে বিশ্বকাপ খেলছেন তিনি। আগের চারটি বিশ্বকাপের অধরা স্বপ্ন এবার ধরা দিয়েছে তার হাতের মুঠোয়। সাতটি ব্যালন ডি’অর জয়ী এই তারকা বিশ্বকাপ জয় করে পূরণ করেছেন তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। বিদায়ী বছরটিকে তাই কোনো দিন ভুলবেন না বলে জানিয়েছেন ভুবনজয়ী এই ফুটবলার।

পরিবার, বন্ধু ও ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে এক বার্তায় ইনস্টাগ্রামে লেখা এক বার্তায় লিওনেল মেসি লিখেছেন, ‘কোনো দিন ভুলব না এমন একটি বছর শেষ হলো। সবসময় তাড়া করে বেড়িয়েছি এমন একটি স্বপ্ন শেষপর্যন্ত সত্যি হলো।’

তিনি আরও লিখেছেন, ‘এই শিরোপার জয়ের উৎসব আমার কাছে অসাধারণ মনে হতো না, যদি পরিবার ও বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করতে না পারতাম। আমি সবসময় চাইতাম, যারা আমাকে অনুসরণ করেন তাদের জন্য বিশেষ মুহূর্ত উপহার দিতে।’

ইনস্টাগ্রামে সবাইকে নতুন বছরের শুভকামনা জানিয়ে মেসি লিখেছেন, ‘যদি আমার দেশের লোকজন, প্যারিস, বার্সেলোনা কিংবা আরও অন্যান্য দেশের ভক্তরা সমর্থন দিয়ে না যেতেন তাহলে যেখানে আমি এসেছি, যা অর্জন করেছি তা অসম্ভব ছিল। আশা করছি, সকলের জন্য ভালো একটি বছর কাটবে। নতুন বছরে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে আমার আলিঙ্গন।’