সহিংস রাজনীতির প্রতিবাদে রাজধানীতে জাতীয় পার্টির গণমিছিল | Daily AjKaler Kontho

সহিংস রাজনীতির প্রতিবাদে রাজধানীতে জাতীয় পার্টির গণমিছিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২২, ১০:০৮ পূর্বাহ্ন
সহিংস রাজনীতির প্রতিবাদে রাজধানীতে জাতীয় পার্টির গণমিছিল

আজকালের কন্ঠ ডেস্ক : সহিংস রাজনীতির প্রতিবাদে ও মুক্তিযুদ্ধের চেতনায় অপরাধ ও দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানীতে বিশাল গণমিছিল করেছে সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি।

শনিবার সকালে জাতীয় পার্টি কো-চেয়ারম্যান ও পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে গণমিছিলটি শ্যামপুরের দোলাইরপাড় থেকে শুরু হয়ে জুরাইন পোস্তগোলা হয়ে শ্যামপুর বালুর মাঠে গিয়ে শেষ হয়।
গণমিছিলে আবু হোসেন বাবলার নির্বাচনি এলাকা শ্যামপুর -কদমতলী থানা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, জাতীয় পার্টি সবসময় দেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির জন্য রাজনীতি করে। কোনো সাম্প্রদায়িক অপশক্তি দেশে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্যে জাতীয় পার্টির নেতাকর্মীরা রাজপথে সরব রয়েছে।

তিনি বলেন,জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জিএম কাদেরের নেতৃত্বে একটি ইসলামী মূল্যবোধ সম্পন্ন ক্ষুধা- দারিদ্র-অপরাধ ও দুর্নীতি মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রাম করছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আমির উদ্দিন আহমেদ ডালু, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুজন দে, যুগ্ম প্রচার সম্পাদক ও কদমতলী থানার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাতীয় পার্টি সভাপতি কাউসার আহমেদ, জাতীয় পার্টির যুগ্ম মহিলা সম্পাদিকা শাহনাজ পারভীন ৫২নং ওর্য়াড জাতীয় পার্টি সাধারণ সম্পাদক বাবুল হোসেন মিন্টু, ৫১নং ওয়ার্ড সভাপতি জাহিদ হোসেন, ৫৩নং ওয়ার্ড সভাপতি এস.এম মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো: শাহ আলম, ৫৯নং ওয়ার্ড সভাপতি হোসেন মিয়া, সাধারন সম্পাদক মহসিন, ৫৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক স্বাধীন প্রমুখ।