ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের আয়োজক কাতার। মরুর বুকে প্রথম বিশ্বকাপে এখন অবধি ১৬টি ম্যাচ শেষ হয়েছে। স্বাগতিক হিসেবে সফলভাবেই ম্যাচগুলো আয়োজন করছে কাতার। তবে মাঠের পারফরম্যান্সে সফলতা পাচ্ছে না ফেলিক্স সানচেজের শিষ্যরা।
প্রথম ম্যাচে হারের পর শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘আল-থুমামা’ স্টেডিয়ামে আফ্রিকান দল সেনেগালের মুখোমুখি হবে স্বাগতিকরা। গ্রুপ পর্বের এই ম্যাচে পরাজিত হলে লজ্জার এক বিশ্বরেকর্ডে নাম লেখাবে স্বাগতিকরা।
ফুটবল বিশ্বমঞ্চের ইতিহাসে এখন অবধি কোনো স্বাগতিক দেশই গ্রুপ পর্বের শুরুর দুই ম্যাচ হারেনি। সেনেগালের সঙ্গে হেরে গেলে সেই রেকর্ডে নাম লেখাবে কাতার। আর তাই লজ্জার এই রেকর্ড এড়াতে কাতারের সামনে জয় বা ড্রয়ের বিকল্প নেই।
তবে কাতারের কোচ ফেলিক্স সানচেজের দাবি, তার দল ইকুয়েডরের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। সেনেগালের সঙ্গে ঘুরে দাঁড়াবে স্বাগতিকরা।
ফেলিক্স সানচেজ বলেন, উদ্বোধনী ম্যাচে মানসিক চাপ ছিল। এখন আর তা নেই। আমরা ভালো দল, আমাদের এটা প্রমাণ করতে হবে। সেনেগালের সঙ্গে নতুনভাবে শুরু করতে চাই। নিজেদের সর্বোচ্চ খেলা দিয়ে সমর্থকদের সেরা একটা ম্যাচ উপহার দিতে চাই।
আপনার মতামত লিখুন :