ইউনাইটেড ছাড়লেন রোনাল্ডো | Daily AjKaler Kontho

ইউনাইটেড ছাড়লেন রোনাল্ডো


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২২, ১১:১৩ পূর্বাহ্ন
ইউনাইটেড ছাড়লেন রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার একদিন আগে উত্থান-পতনে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় বললেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ না পাওয়ায় শুরু থেকেই দল পরিবর্তনের চেষ্টা করেছেন রোনাল্ডো। ভাঙনের শুরুটা সম্ভবত সেখান থেকেই। তবে তখন রোনাল্ডোকে রেখে দিতে বদ্ধপরিকর ছিল ইউনাইটেড।

জানা গেছে, ইউনাইটেডে থাকার জন্য তখন তাকে সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসনকে দিয়েও অনুরোধ করানো হয়েছিল।

জোর করে রেখে দিলেও চলতি মৌসুমে রোনাল্ডোকে দিয়ে ফল আদায় করতে পারছিল না ইউনাইটেড। এমনকি মাঠের ফুটবলে একেবারেই বর্ণহীন ছিলেন তারকা এ ফুটবলার। তবে তার চেয়েও সমালোচনা বেশি ছড়িয়েছে মাঠের বাইরে তার কর্মকাণ্ড। প্রায়শই মাঠের বাইরে তার কাজকর্ম ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ এরিক টেন হাগ। শুরুর দিকে রোনাল্ডো চুপ থাকলেও মুখ খুলেছেন বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে। এক সাক্ষাৎকারে কোচ ও ক্লাব নিয়ে বেশ কিছু নেতিবাচক মন্তব্য করে আবার আলোচনায় আসেন তারকা এ ফুটবলার। এর পর ভাঙনটা ছিল শুধু সময়ের অপেক্ষা।

অবশেষে দুপক্ষের সম্মতিতেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন রোনাল্ডো। সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়ে দিয়েছে ইংলিশ ক্লাবটি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দুপক্ষের সম্মতিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দুই দফায় ক্লাবে তার অবদানের জন্য ধন্যবাদ। ইউনাইটেডের হয়ে ৩৬৪ ম্যাচে ১৪৫ গোল করেছেন রোনাল্ডো। রোনাল্ডো এবং তার পরিবারের জন্য শুভকামনা।’