ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম | Daily AjKaler Kontho

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২২, ৩:০১ অপরাহ্ন
ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার সৈয়দ নুরুল ইসলাম।

রবিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১০ অক্টোবর) ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান। তার চলে যাওয়া শূন্যপদে নিয়োগ পেলেন সৈয়দ নুরুল ইসলাম। তিনি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, ২০তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করা সৈয়দ নুরুল ইসলাম ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ময়মনসিংহ জেলা পুলিশ সুপারসহ পুলিশের একাধিক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার সম্মাননা বিপিএম ও পিপিএম (বার) পদক অর্জন করেন।

সৈয়দ নুরুল ইসলামের জন্ম ১৯৭১ সালের ১ মার্চ শিবগঞ্জের জালমাছমারি মহল্লায়। তার বাবা সৈয়দ কসিমুদ্দীন মিঞা ও মা সৈয়দা গুলনাহার বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি চতুর্থ। তিনি ১৯৮৬ সালে লালমনিরহাট চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে এসএসসি, ১৯৮৮ সালে রাজশাহী কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি এবং ১৯৯১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও ১৯৯৩ সালে এমএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে এমএএস ডিগ্রি অর্জন করেন।

আজকালের কন্ঠ /এসকব