বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামাল উদ্দীন আকন (৬৪) হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না…. রাজিউন)। বুধবার দিনগত রাত পৌনে চারটার দিকে চেয়ারম্যান কামাল উদ্দীন উপজেলা পরিষদের বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহষ্পতিবার বাদ আছর জানাযা শেষে রায়েন্দায় তার দাফন সম্পন্ন হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে, এক মেয়েসহ আত্তীয় স্বজন ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সকল অঙ্গ সংগঠন পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
তিনি পরপর তিনবার শরণখোলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
১৯৫৫ সালে শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকায় চেয়ারম্যান কামাল উদ্দীন আকনের জন্ম। তারা পাঁচ ভাই ও পাঁচ বোন। ১৯৭২ সালে তিনি স্থানীয় রায়েন্দা পাইলট হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর আর পড়ালেখা আর এগোয়নি। ছাত্রলীগের রাজনীতি দিয়ে তার রাজনীতিতে হাতেখড়ি। স্বাধীনতার পর তিনি শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর তিনি উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে আসেন। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
আজকালের কন্ঠ /সওকাত /মিজান
আপনার মতামত লিখুন :