অনলাইন ডেস্ক : ইউক্রেনের বেসামরিক লোকদের ওপর ইরানি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এর ঢের প্রমাণ আছে। গতকাল বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এমন মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরবর্তী সময়ে বুধবার সন্ধ্যায় এক টুইটে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেন, যদিও ইরান মিথ্যা বলেই যাচ্ছে। বিশ্ব জানে, রাশিয়া ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনের বেসামরিক লোক এবং স্থাপনার ওপর হামলা চালাচ্ছে।
এ ছাড়া মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, ‘ইরান থেকে রাশিয়ার এসব নেওয়া ড্রোনের ব্যাপারে আমরা আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমাদের কাছে প্রচুর প্রমাণ আছে। রাশিয়া এসব ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বেসামরিক লোক এবং গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনার ওপর আঘাত হানছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এসবের সঙ্গে জড়িত সবার ওপর নিষেধাজ্ঞা ও অন্যান্য উপযুক্ত সরঞ্জামগুলো ব্যবহার করতে আমরা দ্বিধা করব না।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৩৯ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
আজকালের কন্ঠ /আর
আপনার মতামত লিখুন :