বিএনপির আমলে আমার বাড়িতে বিদ্যুৎ ছিল না: তথ্যমন্ত্রী | Daily AjKaler Kontho

বিএনপির আমলে আমার বাড়িতে বিদ্যুৎ ছিল না: তথ্যমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২২, ৪:৫৬ অপরাহ্ন
বিএনপির আমলে আমার বাড়িতে বিদ্যুৎ ছিল না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আমলে তার নিজের গ্রামের বাড়িতে বিদ্যুৎ ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার বাসায় বিদ্যুৎ এসেছে।

আজ বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

লোডশেডিং নিয়ে বিএনপির নানা মন্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘এ নিয়ে (লোডশেডিং) বিএনপি কথা বলে? যারা বিদ্যুৎ না দিয়ে খাম্বা দিয়েছিল। তাদের আমল শেষে ২০০৯ সালে আমরা যখন সরকার গঠন করি, তখন মাত্র ৪০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল। আমার বাড়িতেই বিদ্যুৎ ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসারও প্রায় এক বছর পর আমার গ্রামের বাড়িতে বিদ্যুৎ এসেছে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘(বিএনপির সময়) যে ৪০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল, সেখানেও বিদ্যুৎ সব সময় থাকত না। বিদ্যুৎ মাঝে মধ্যে আসত। তাদের এ ধরনের কথায়, আমার মনে হয় হনুমানও হাসে।’

বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশ ২৪ ঘণ্টা ব্ল্যাকআউট ছিল দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘কয়েক দফায় ২৪ ঘণ্টা, ১২ ঘণ্টা এরকম ব্ল্যাকআউট ছিল। কিন্তু গত কয়েকদিন আগে যেটা হয়েছে, সেটা স্বল্প সময়ের মধ্যে ঠিক করা হয়েছে। সতর্কতার সঙ্গে বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরায় চালু করা হচ্ছে। সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহও করা হচ্ছে।’

আজকালের কন্ঠ /রাকিব