নবীজীর আদর্শ অনুধাবন করলেই খাঁটি মুসলমান হওয়া যাবে: মেয়র তাপস | Daily AjKaler Kontho

নবীজীর আদর্শ অনুধাবন করলেই খাঁটি মুসলমান হওয়া যাবে: মেয়র তাপস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২২, ৭:৫২ অপরাহ্ন
নবীজীর আদর্শ অনুধাবন করলেই খাঁটি মুসলমান হওয়া যাবে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী-আদর্শ অনুধাবন করতে পারলেই আমরা খাঁটি মুসলমান হিসেবে জীবনযাপন করতে পারবো।

রোববার সন্ধ্যায় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা নবীজীর জীবনী, নবীজীর আদর্শ আরো অনুধাবন করতে পারবো। সেই সঙ্গে চেতনা জাগ্রত করতে পারবো।

এই আয়োজনের ধারাবাহিকতা রক্ষার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, গত বছর থেকে আমরা এ অনুষ্ঠান শুরু করেছি। ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রত্যেক বছরই এ আয়োজন করবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয়ভাবে ছুটি ঘোষণা করায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, কর্পোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু, ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শামসুজ্জোহা প্রমুখ।

আজকালের কন্ঠ /আর