প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, নারী গ্রেপ্তার | Daily AjKaler Kontho

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, নারী গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২২, ৬:০৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সোনিয়া আক্তার স্মৃতি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. সামসুল আরেফিন চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় এজাহার দায়ের করেন। ওই এজাহারের প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানায় দণ্ডবিধি ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা নেয় পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে রাজবাড়ী জেলা পুলিশের এক পরিদর্শক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য উল্লিখিত মিথ্যা, বানোয়াট, মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য সামজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

মামলার তদন্ত কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) আলেয়া আক্তার জানান, সদর থানায় করা একটি মামলায় রাতে সোনিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

আজকালের কন্ঠ /রাকিব