পটুয়াখালীর দশমিনা উপজেলা ধন্য মহিউদ্দিন আল হেলালের জন্য | Daily AjKaler Kontho

পটুয়াখালীর দশমিনা উপজেলা ধন্য মহিউদ্দিন আল হেলালের জন্য


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২২, ৭:৩৪ অপরাহ্ন
পটুয়াখালীর দশমিনা উপজেলা ধন্য মহিউদ্দিন আল হেলালের জন্য

মো. মোশারফ হোসেন দশমিনা পটুয়াখালী প্রতিনিধি : প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। যা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পৌঁছেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান ২০২২ উপলক্ষে পটুয়াখালী জেলা বাছাই কমিটি জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, শ্রেষ্ঠ ইউএনও, শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা, শ্রেষ্ঠ প্রধান ও সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ কাব শিক্ষক ও শ্রেষ্ঠ বিদ্যালয়সহ মোট ১২টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করেন।

(ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, প্রাথমিক শিক্ষা পদক-২০২২ নিয়ে কেউ যেন ভুল না করে যে আমি মহৎ কিছু করে ফেলেছি। তবে আমি যোগদানের পর প্রাথমিক শিক্ষাসহ সামগ্রীক শিক্ষা খাতের মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করেছি। যদিও অর্জন খুব বেশি নয়। দক্ষতা উন্নয়নের নিমিত্তে দশমিনা স্কিল ল্যাব চালু করা হয়েছে। গণিত উৎসব এবং শিশুদের প্রোগ্রামিং শেখানো, অন্যদের ফ্রিল্যান্সিং ও আউট সোর্সিং কার্যক্রম পাইপলাইনে আছে।

আজকালের কন্ঠ /রাকিব