সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু | Daily AjKaler Kontho

সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ফেনী প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুরে সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী আলমাস উদ্দিনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১টার দিকে চট্টগ্রামের আন্দর কিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আলমাস ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের শেখ মুজিবল হক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং ওই এলাকার বাসিন্দা।

জানা যায়, রোববার উপজেলার ফাজিলপুর কাদরী হাই স্কুল কেন্দ্রে কৃষি বিষয়ে পরীক্ষা শেষে অটোতে করে ফিরছিলেন তিনি। পথে মহাসড়কের আলীনগর এলাকায় পৌঁছলে বাসের ধাক্কায় ৩ পরীক্ষার্থীসহ পাঁচজন গুরুতর আহত হয়। আহতরা হলেন এসএসসি পরীক্ষার্থী আলমাস উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, জহির উদ্দিন ও আহত শিক্ষার্থী আলমাসের মা হাসিনা আক্তার এবং অটোচালক আনোয়ার হোসেন। তাদের উদ্ধার করে প্রথমে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অটোচালক ছাড়া অপর চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফাজিলপুর হাইওয়ে থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী জানান, মহাসড়কে রোববারের দুর্ঘটনায় শাহীবাসের চালকের নামে মামলা হয়েছে। মহাসড়কে আহত এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলমাস।

আজকালের কন্ঠ /রবিন