কুয়াকাটায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত | Daily AjKaler Kontho

কুয়াকাটায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২২, ৩:১৫ অপরাহ্ন
কুয়াকাটায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : কুয়াকাটায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।‘পর্যটনের নতুন সম্ভাবনা’ এ প্রতিপাদ্যকে তুলে ধরে বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও পটুয়াখালী জেলা প্রশাসনসহ কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট সংগঠনসমূহ এর উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় পর্যটন কর্পোরেশনের ইয়ুথ ইন মোটেলের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়।

এসময় বিভিন্ন সংগঠনের ব্যানার ও প্লাকার্ডের পাশাপাশি ব্যান্ড পার্টির অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারী অন্যান্য সংগঠনগুলোর মধ্যে ছিল কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতিসহ পর্যটনমুখী বিভিন্ন প্রতিষ্ঠান। শোভাযাত্রাটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে সৈকতের পর্যটন পার্কের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহম্মদ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আঃ মান্নান, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আঃ খালেক, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লা প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবুল খায়েরসহ পর্যটন নির্ভর ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ /রাকিব