রেল লাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল নারীর | Daily AjKaler Kontho

রেল লাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল নারীর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২২, ১১:২৭ পূর্বাহ্ন
রেল লাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল নারীর

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু রেল লাইনের মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নিহত ওই নারী রেল লাইন দিয়ে হেঁটে রশিদ দেওহাটা গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী বাওয়ার কুমারজানী গ্রামের বাসিন্দা ওয়াজ উদ্দিন ও নাসির মিয়া জানান, সকালে রেল লাইন দিয়ে হাঁটছিলেন তারা। ওই নারীকেও রেল লাইন ধরে হাঁটতে দেখেন। তার পরনে একটি ময়লাযুক্ত প্যান্ট ও টিশার্ট ছিল। দেখে মনে হয়েছে মানসিকভাবে ভারসাম্যহীন।

তারা আরো বলেন, আমরা তাকে ছাড়িয়ে আনুমানিক দেড়শ গজ সামনে যেতেই পেছন থেকে দ্রুতগতির ট্রেন আসতে থাকে। আমরা ট্রেন লাইন থেকে নিচে দাঁড়ালেও দূরে থাকা ওই নারী অন্যমনস্ক হয়ে হাঁটতে থাকে। এ সময় দ্রুতগতির ওই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মির্জাপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। রেল পুলিশে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যাবে বলে জানান তিনি।

আজকালের কন্ঠ /রাকিব