জামিন পেলেন না সাংবাদিক পেটানো সরকারি ২ কর্মচারী | Daily AjKaler Kontho

জামিন পেলেন না সাংবাদিক পেটানো সরকারি ২ কর্মচারী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২২, ৬:৪৬ অপরাহ্ন
জামিন পেলেন না সাংবাদিক পেটানো সরকারি ২ কর্মচারী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪এর বিচারক মোহাম্মদ ফয়সাল তারেক জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গতকাল রোববার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রেস্ট হাউস থেকে বিএমডিএর ভাণ্ডাররক্ষক মো. জীবন ও গাড়িচালক আবদুস সবুরকে গ্রেপ্তার করে পুৃলিশ।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আসামিদের রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ তোলা হয়েছিল। সেখানে আসামিপক্ষের আইনজীবী আসাদুল ইসলাম জামিন আবেদন করেন। তবে আদালতের বিচারক মোহাম্মদ ফয়সাল তারেক জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠান।

গত ৫ সেপ্টেম্বর সরাসরি সম্প্রচার (লাইভ) চলাকালে বিএমডিএ কার্যালয়ের সামনে হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম। বিএমডিএএর নির্বাহী পরিচালক আবদুর রশিদের নির্দেশে কর্মচারীরা এ হামলা চালান। সাংবাদিকের ওপর হামলার পর জীবন ও সবুরকে সাময়িক বরখাস্ত করা হয়। এদের মধ্যে জীবন বিএমডিএ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। ঘটনার পর সেদিন রাতেই ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হাবিব সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন।

আজকালের কন্ঠ /মিম