গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক | Daily AjKaler Kontho

গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২২, ২:৫৮ অপরাহ্ন
গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহনে নাজমা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী শাহিন লাশ রেখে পালিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে।

শনিবার সকালে লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের দিঘীর পাড় এলাকার খনকার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত নাজমা একই ইউনিয়নের চতলা গ্রামের প্রবাসী রতন মাঝির মেয়ে।

নাজমার দাদা কাঞ্চন মাঝি বলেন, সাত বছর আগে দিঘীর পাড় এলাকার আব্দুল মালেকের ছেলে শাহিনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নাজমার। তাদের দাম্পত্য জীবনে তিন বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। শাহিন এবং নাজমার মধ্যে প্রায় সময়ই ঝগড়া হতো। শনিবার সকালে আমাদেরকে এসে নাজমার মৃত্যুর খবর জানায় তার দেবর।

তিনি আরো বলেন, খবর পেয়ে আমরা গিয়ে দেখি নাজমার লাশ নিচে নামিয়ে রাখা হয়েছে। তবে তার স্বামীকে বাড়িতে পাওয়া যায়নি। পুলিশ গিয়ে নাজমার লাশ থানায় নিয়ে আসে।

লালমোহন থানার এসআই শক্তিপদ মৃধা বলেন, স্থানীয় গ্রাম পুলিশ নাজমার মৃত্যুর বিষয়টি আমাদের জানান। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি নাজমার লাশ নিচে নামিয়ে রাখা হয়েছে। মৃত্যুর কারণ জানতে চাইলে ঐ বাড়ির লোকজন জানিয়েছে নাজমা ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। নাজমাকে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বামী শাহিন লাশ নামিয়ে রেখে পালিয়ে যান।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

আজকালের কন্ঠ /রাকিব