পাবনায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা | Daily AjKaler Kontho

পাবনায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২২, ২:৫০ অপরাহ্ন
পাবনায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হাফিজুর রহমান (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার সকালে চাটমোহর উপজেলার হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

নিহত হাফিজ ওই ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে। তিনি খৈল ভুষির ব্যবসা করতেন। আর অভিযুক্ত রমজান আলী বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে।

চাটমোহর থানার ওসি জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় হাফিজ স্থানীয় স্লুইসগেটের পাশের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় রমজান আলী তাকে ডেকে স্লুইসগেটের পাশে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাফিজকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

পরে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত রমজান আলীকে আটক করে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ওসি বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পূ্র্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

আজকালের কন্ঠ /রাকিব