বাউফলে প্রতারণার মামলায় কলেজ শিক্ষক গ্রেফতার | Daily AjKaler Kontho

বাউফলে প্রতারণার মামলায় কলেজ শিক্ষক গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২২, ১০:৪৭ পূর্বাহ্ন
বাউফলে প্রতারণার মামলায় কলেজ শিক্ষক গ্রেফতার

সঞ্জয় দেবনাথ সিনিয়র রিপোর্টার বাউফল : পটুয়াখালীর বাউফলে প্রতরণার মামলায় সহিদুল ইসলাম (৫৫) নামের এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বাউফল থানার এস আই নজরুল ইসলাম ও এ এস আই আনোয়ার এর নেতৃত্বে একটি টিম সাবরেজিষ্ট্রি অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সহিদুল ইসলাম বাউফলের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের ভুগোল বিষয়ের শিক্ষক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের নভেম্বর মাসে কলেজ শিক্ষক সহিদুল ইসলাম ও তার চাচাতো ভাই সরোয়ার আলম সাবরেজিষ্ট্রি অফিসের সামনে তাদের নির্মাণাধীন মার্কেটের স্টল ভাড়া দেয়ার জন্য স্থানীয় ব্যবসায়ী মোঃআরিফুজ্জামানের সঙ্গে চুক্তিবদ্ধ হন। ভাড়া চুক্তিপত্র তৈরির সময় দুই জনকে অগ্রিম ৭ লাখ টাকা দেন ব্যবসায়ী মোঃআরিফুজ্জামান খান রিয়াদ। এছাড়াও মোঃআরিফুজ্জামানের দোকান থেকে বিভিন্ন সময় মার্কেট নির্মাণের জন্য বাকীতে প্রায় ৮লাখ টাকার নির্মাণ সামগ্রী নিয়েছেন তারা। মার্কেট নির্মাণের পর ব্যবসায়ী আরিফুজ্জামানের কাছে ষ্টল হস্তান্তর করতে গড়িমসি শুরু করেন দুই ভাই। এক পর্যায়ে আরিফুজ্জামানের সঙ্গে শর্ত ভঙ্গ করে দুই ভাই অন্য এক ব্যবসায়ীর কাছে ষ্টল ভাড়া দেন।

বিষয়টি নিয়ে শালিস বৈঠক হওয়ার পর ব্যবসায়ী আরিফুজ্জামানের কাছ থেকে নেয়া প্রায় ১৫ লাখ টাকা ফেরত দেয়ার আশ্বাস দেন দুই ভাই। কিন্তু দীর্ঘদিনেও টাকা ফেরৎ না দেয়ায় ব্যবসায়ী আরিফুজ্জামান খান রিয়াদ পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত বাউফল থানার ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাউফল থানার এসআই মনিরুজ্জামান গত ৫ জুলাই তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ১৪ আগষ্ট আদালত কলেজ শিক্ষক সহিদুল ইসলাম ও তার ভাই সরোয়ার আলমের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। বাউফল থানার ওসি আল মামুন বলেন, কলেজ শিক্ষক সহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আজকালের কন্ঠ /রাকিব