আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত আমাদের বন্ধু। আমরা একে অপরকে সহযোগিতা করছি। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের মধ্যে কোনো বাধা আসলে সম্মিলতভাবে প্রতিহত করা হবে। তিস্তার পানি বণ্টন চুক্তি সইসহ সব অমীমাংসিত সমস্যার দ্রুত সমাধান হবে।
আজ মঙ্গলবার দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ভারতের অনেক বিষয় আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হবে। বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘প্রতিবেশী কূটনীতির’ রোল মডেল। গত এক দশকে উভয় দেশই বেশ কয়েকটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি তিস্তার পানি বণ্টন চুক্তি সইসহ সব অমীমাংসিত সমস্যার দ্রুত সমাধান হবে।’
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। দুপুর ২টার দিকে উভয় নেতার এই বৈঠক শেষ হয়। পরে তাদের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৈঠকে বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতার পাশাপাশি দুই দেশের অনিষ্পন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
আজকালের কন্ঠ /মনির
আপনার মতামত লিখুন :