গ্রিডে সমস্যা, রাজশাহীজুড়ে বিদ্যুৎ বিভ্রাট | Daily AjKaler Kontho

গ্রিডে সমস্যা, রাজশাহীজুড়ে বিদ্যুৎ বিভ্রাট


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২২, ১২:৪৫ অপরাহ্ন
গ্রিডে সমস্যা, রাজশাহীজুড়ে বিদ্যুৎ বিভ্রাট

জেলা প্রতিনিধি রাজশাহী : রাজশাহী গ্রিডে সমস্যার কারণে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের কিছু অংশে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টা থেকে ব্ল্যাক আউট দেখা দিয়েছে। প্রায় ৪৫ মিনিট পর ধীরে ধীরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করে। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনেক এলাকা ও উপজেলা ব্ল্যাক আউট অবস্থার মধ্যেই ছিল।

এদিকে ৩৩ কেভি বিমানবন্দর কাটাখালী লাইনের গ্রিড থেকে ফ্রিকোয়েন্সি প্রায় ৪৭-এ নেমে যাওয়ায় তানোরসহ কয়েকটি উপজেলা এখনও সম্পূর্ণ গ্রিড ব্ল্যাক আউট হয়ে আছে।

রাজশাহীর তানোর উপজেলার নেসকো লি. এর আবাসিক প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া জাগো নিউজকে বলেন, পুরো তানোর জুড়ে বিদ্যুত নেই সকাল ৯টা থেকে। প্রাথমিকভাবে জানতে পেরেছি ফ্রিকোয়েন্সি ডাউন হয়ে কাটাখালী গ্রিড পুরোটাই ব্ল্যাক আউট হয়ে যায়। রাজশাহী বিমানবন্দর সাব স্টেশন থেকে তানোরের সাব স্টেশনের বিদ্যুৎ সরবরাহ হয়। বিমানবন্দর সাব স্টেশন পেয়েছে। তবে তাদেরকে এক মেগাওয়াট লোড নিতে বলেছে। পর্যায়ক্রমে আমরাও পাবো আশা করছি। সিস্টেম স্বাভাবিক হবে আস্তে আস্তে।

এদিকে রাজশাহী অঞ্চলের নেসকো লি: এর পরিচালন ও সংরক্ষণ সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রবিউল ইসলাম জাগো নিউজকে বলেন, গ্রিড থেকে এই সমস্যাটা দেখা দিয়েছে। কীজন্য এই সমস্যা তা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। শুধু রাজশাহী নয় পুরো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা জোনে এই সমস্যা দেখা দিয়েছে।

আজকালের কন্ঠ /আরএস