ফারুকি ঝামেলা সামলাতে প্রস্তুত টাইগার ওপেনাররা | Daily AjKaler Kontho

ফারুকি ঝামেলা সামলাতে প্রস্তুত টাইগার ওপেনাররা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২২, ৪:২৩ অপরাহ্ন
ফারুকি ঝামেলা সামলাতে প্রস্তুত টাইগার ওপেনাররা

স্পোর্টস ডেস্ক : ২০২১ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আফগানিস্তানের ফজল হক ফারুকি। সেই ম্যাচে ২৭ রানের বিনিময়ে ১ উইকেট নিলেও খুব একটা পরিচিতি পাননি। এরপর বাংলাদেশ সিরিজে এসে আলো কাড়তে শুরু করেন ফারুকি।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে দুই ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর টি-টোয়েন্টিতেও দুই ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি বোলার। সেই সফরে বাংলাদেশি ওপেনারদের দারুণ ভুগিয়েছেন ফারুকি। এরপর এখন পর্যন্ত ১৭ আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ২৮ উইকেট।

যেখানে বেশির ভাগই ছিল প্রতিপক্ষের ওপেনারদের। সর্বশেষ এশিয়া কাপের প্রথম ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে ১১ রানের বিনিময়ে নিয়েছেন ৩ উইকেট। ইনসুইং, আউটসুইংয়ে ব্যাটসম্যানদের নাভিশ্বাস ওঠায়। বাংলাদেশের বিপক্ষেও ৩০ আগস্টের ম্যাচে মূর্তিমান আতঙ্ক হতে পারেন এই পেসার।

তবে টাইগার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, ফজল হক ফারুকিকে সামলাতে পরিপূর্ণ প্রস্তুতি সেরেছে বাংলাদেশের ওপেনাররা। যদিও বাংলাদেশের ওপেনিংয়ে আনামুল হক বিজয় ছাড়া এখনও অন্য নাম নিশ্চিত নয়।

তবে ফারুকি ঝামেলা সামলানোর বিষয়ে মিরাজ বলেন, ‘শুরুতে ওদের যে বোলিং করে, ওর বল কীভাবে ভেতরে আসে, কীভাবে সুইং করে, এটা কীভাবে সামলাবে, ওপেনাররা আগে থেকেই এটার প্রস্তুতি নিয়েছে। এখানে আসার আগে আমরা দেশে অনুশীলন করেছি। এখানেও কিন্তু বেশ কয়েক দিন আগে এসেছি। প্রস্তুতি ভালো। এখন শুধু মাঠে বাস্তবায়ন করতে হবে, আমাদের ভালো খেলতে হবে।

টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম ম্যাচ, প্রথম ম্যাচটা কিন্তু বলে দেবে আমরা কতদূর যাব, আমরা কীভাবে ক্রিকেট খেলব। এজন্য আমাদের জন্য প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ দল তখনই ভালো খেলে যখন আমরা একসঙ্গে সবাই ভালো খেলি। এক-দুইজনের ব্যক্তি পারফরম্যান্স দিয়ে কখনও দলের ফল পক্ষে আনা যায় না। বিশেষ করে এ রকম টুর্নামেন্টে তো কখনোই না। এজন্য সবাইকেই ভালো খেলতে হবে এবং সবাইকে দলগতভাবে ভালো খেলতে হবে। এটা যদি করতে পারি আমরা অবশ্যই খুব ভালো ফল পাব।’

আজকালের কন্ঠ /রাকিব