রাতে ফেসবুকে স্ট্যাটাস ‘জীবনডাই আফসোস’, সকালে মিলল নিথর দেহ | Daily AjKaler Kontho

রাতে ফেসবুকে স্ট্যাটাস ‘জীবনডাই আফসোস’, সকালে মিলল নিথর দেহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২২, ২:০৯ অপরাহ্ন
রাতে ফেসবুকে স্ট্যাটাস ‘জীবনডাই আফসোস’, সকালে মিলল নিথর দেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ক্লান্ত রঞ্জন শীল নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সকালে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ক্লান্ত রঞ্জন শীল আখাউড়া উপজেলার মুগড়া ইউপির গোপালপুর গ্রামে নিহার রঞ্জন শীলের ছেলে৷ তিনি জেলা সদর হাসপাতালে ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিসটেন্ট (ম্যাটস) এর ইন্টার্নির ছাত্র ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, ক্লান্ত সদর উপজেলার সুলতানপুরে তার মামার বাড়িতে থেকে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছিলেন। গত কয়েকদিন যাবত তিনি হতাশায় ভুগছিলেন। শনিবার হাসপাতালে ডিউটির পর সকালে বাসায় যান। রাতে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন ‘জীবনডাই আফসোস’। সকালে ১০টার পর পরিবারের সদস্যরা রুমে গিয়ে অনেক ডাকাডাকি করলেও তার কোনো সাড়াশব্দ পাননি। পরে তাকে অচেতন অবস্থায় জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, কেউ বিষয়টি আমাদের জানায়নি। হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা আছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ /এসএম