সংসদ অধিবেশন বিকেলে, শপথ নেবেন ডেপুটি স্পিকার | Daily AjKaler Kontho

সংসদ অধিবেশন বিকেলে, শপথ নেবেন ডেপুটি স্পিকার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২২, ১১:৩০ পূর্বাহ্ন
সংসদ অধিবেশন বিকেলে, শপথ নেবেন ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক : চলমান একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আজ বিকেলে বসছে। রোববার অধিবেশনের প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

জানা গেছে, করোনাকালে অন্য অধিবেশনের মতো এটিও সংক্ষিপ্ত হবে। এ অধিবেশনের কার্যদিবস পাঁচদিন হতে পারে।

দিনের কর্মসূচির শুরুতেই রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন। এরপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে সংসদ।

বঙ্গভবন থেকে জানানো হয়েছে, নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা ৭টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এ শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

ডেপুটি স্পিকার নির্বাচনের পর শোকপ্রস্তাব তুলবেন স্পিকার। রেওয়াজ অনুযায়ী প্রয়াত ডেপুটি স্পিকারের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অধিবেশন মুলতবি ঘোষণা করা হবে। এর আগে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হবে।

অধিবেশনের শুরুর দিনে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্বের কথা রয়েছে।

এবারের অধিবেশনেও সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের সব কর্মচারীর করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। খবর সংগ্রহের জন্য নিয়োজিত সাংবাদিকদেরও করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

আজকালের কন্ঠ /মিম