সময় এসেছে ‘বেঞ্চ স্ট্রেংথ’ দেখে নেওয়ার’’ | Daily AjKaler Kontho

সময় এসেছে ‘বেঞ্চ স্ট্রেংথ’ দেখে নেওয়ার’’


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২২, ৬:২৭ অপরাহ্ন
সময় এসেছে ‘বেঞ্চ স্ট্রেংথ’ দেখে নেওয়ার’’

স্পোর্টস ডেস্ক : একটা সময়ে সম্মানজনক পরাজয়ই ছিল বাংলাদেশ দলের মূল টার্গেট। কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে বিশেষ করে ওয়ানডেতে দুর্দান্ত ক্রিকেট খেলছে টাইগাররা।

ওয়ানডেতে বাংলাদেশ দল এখন বেশ ধারাবাহিক। ওয়েস্ট ইন্ডিজে চলতি সফরে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে তামিম ইকবালরা।

এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকা ক্রিকেটারদের একটু পরখ করতে চায় টিম ম্যানেজমেন্ট।

বুধবার দ্বিতীয় ম্যাচ শেষে উইন্ডিজের গায়নায় সংবাদমাধ্যমকে অধিনায়ক তামিম বলেন, এখন আমাদের সময় এসেছে ‘বেঞ্চ স্ট্রেংথ’ দেখে নেওয়ার। সাধারণত যখন পয়েন্টসের ব্যাপার থাকে, তখন সুযোগ থাকে না। কিন্তু এরকম সিরিজে যদি ২-০তে এগিয়ে যান, তখন যারা খেলেনি বা যাদেরকে নিয়ে আমরা অনেক দিন ধরে ঘুরছি, তাদের সুযোগ দেওয়া উচিত। এটির জন্য আমারও এক-দুই ম্যাচ মিস করতে হলে, ইটস ফাইন। কোনো সমস্যা নেই।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সুপার লিগের নিয়ম চালু হওয়ার পর ওয়ানডে ক্রিকেটে যোগ হয়েছে নতুন মাত্রা। প্রতিটি ম্যাচেই পয়েন্ট পাওয়ার সুযোগ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান এই সিরিজটি সুপার লিগের অংশ নয়। তাইতো বেঞ্চে থাকা ক্রিকেটারদের পরখ করে নিতে চায় বাংলাদেশ।

তামিমের কথার সঙ্গে সুর মিলিয়ে কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, শেষ ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা দিক থেকে। এতদিনে এত গুরুত্বপূর্ণ সব ওয়ানডে সিরিজ খেলেছি, যেখানে পয়েন্ট খুব জরুরি। দলে পরিবর্তনের কথা খুব একটা ভাবনায় আনা যায়নি। তবে এখানে সুযোগ আছে পরখ করার। কারণ ২০২৩ বিশ্বকাপে তাকিয়ে কিছু ক্রিকেটারকে দেখে নেওয়ার ব্যাপার আছে। এখানে পয়েন্টের কোনো ব্যাপার নেই। বাইরে থাকাদের পরখ করার দারুণ সুযোগ এটি।