চার শর্ত পালনে শপিং মল দোকানপাট খোলা থাকবে ৪টা পর্যন্ত | Daily AjKaler Kontho

চার শর্ত পালনে শপিং মল দোকানপাট খোলা থাকবে ৪টা পর্যন্ত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৪, ২০২০, ১১:০৬ অপরাহ্ন
চার শর্ত পালনে শপিং মল দোকানপাট খোলা থাকবে ৪টা পর্যন্ত

আসন্ন ঈদ-উল-ফেতর সামনে রেখে ক্রেতা-ব্যবসায়ীদের সুবিধায় আগামী ১০ মে থেকে চারটি শর্ত পালন সাপেক্ষে বিকেল ৪টা পর্যন্ত দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার।

সারা দেশের শপিং মলগুলো খোলা রাখা যাবে জানিয়ে জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের সোমবার নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ তথ্য নিশ্চিত করে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. মুশফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, সারা দেশে হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিং মলগুলো সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে সীমিত পরিসরে খোলা রাখা যাবে ।

এ ক্ষেত্রে সরকার কিছু শর্ত দিয়েছে, এই শর্ত পূরণ করলেই শপিংমল, মার্কেটা বা দোকানপাট খোলা রাখা যাবে।

১. বড় শপিং মলের প্রবেশমুখে হাত ধোঁয়ার ব্যবস্থা ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

২. শপিং মলে আসা যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে।

৩. বেচাকেনার সময় ক্রেতা-বিক্রেতাদের পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

৪. দোকানপাট এবং শপিং মল বিকাল ৪টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ ঘোষণা করে। সেই সঙ্গে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়, শপিং মলও বন্ধ রাখতে বলা হয়।

সেই ছুটির মেয়াদ ইতোমধ্যে ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। এতদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা ছিল। এখন তা দুই ঘণ্টা শিথিল করা হয়েছে।