দেশে করোনায় নতুন আক্রান্ত ৫ | Daily AjKaler Kontho

দেশে করোনায় নতুন আক্রান্ত ৫


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২০, ৩:০৩ অপরাহ্ন
দেশে করোনায় নতুন আক্রান্ত ৫

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের।

শুক্রবার (৩ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে করোনায় নতুন করে ৫ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ৬১ জনের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ব্রিফিংয়ে বলা হয়, বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন ২৯ জন। এদের মধ্যে ২২ জন হাসপাতালে আর বাকি সাতজন বাসায় অবস্থান করেই চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। একই সময়ে ১০ জনকে আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ৮২ জন আইসোলেশনে আছেন।

ব্রিফিংয়ে আরও বলা হয়, পরীক্ষা বাড়ানোর অংশ হিসেবে ৫১৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আইইডিসিআর নমুনা সংগ্রহ করে ১২৬টি। এটা আজ (শুক্রবার) সকাল ৮টা নাগাদ পাওয়া তথ্য।

এছাড়া ব্রিফিংয়ে ছুটির সময় বাসায় অবস্থান করা, সামাজিক দূরত্ব মেনে চলা, করমর্দন না করা এবং বাসার বাইরে গেলে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।