বাড়বে দিনের তাপমাত্রা, শুক্রবার হতে পারে বৃষ্টি | Daily AjKaler Kontho

বাড়বে দিনের তাপমাত্রা, শুক্রবার হতে পারে বৃষ্টি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২০, ১:৫০ অপরাহ্ন
বাড়বে দিনের তাপমাত্রা, শুক্রবার হতে পারে বৃষ্টি

মৌসুমী বায়ুর প্রভাবে দেশে এখন শুষ্ক আবহাওয়া। এ সময়ে দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এর মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে।

বুধবার (১ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসের বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে।

এছাড়া সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের উত্তরাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে এবং দেশের অন্যত্র সামান্য কমতে পারে।

তবে শুক্রবার দেশের কোথাও কোথায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।