করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ছয়জন। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট চারজনের মৃত্যু হলো। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ জনে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৭১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩৯। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন আক্রান্ত হয়েছেন। এই ছয়জনের মধ্যে একজন মারা গেছেন। তিনি বহুদিন যাবত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সবমিলিয়ে মৃতের সংখ্যা চার। নতুন মৃত ব্যক্তির বয়স ৭০ বছরের বেশি। আক্রান্ত বাকি পাঁচজনের একজন ওমরাহ করে ফিরেছেন। বাকি চারজন আগের রোগীদের সংস্পর্শে থেকে আক্রান্ত হয়েছেন।
ডা. ফ্লোরা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে এক হাজার ৭০০টি কল এসেছে। এর সবই করোনাভাইরাস সংক্রান্ত। এখন পর্যন্ত আইসোলশনে, যাদের কেউ নিশ্চিত শনাক্ত অথবা সন্দেহভাজন, এমন আছেন ৪০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৬ জন।
ব্রিফিংয়ে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয়ও তুলে ধরেন তিনি।
আপনার মতামত লিখুন :