বিভিন্ন ভোটকেন্দ্র সকালে নারীর সারি, দুপুরে পুরুষের | Daily AjKaler Kontho

বিভিন্ন ভোটকেন্দ্র সকালে নারীর সারি, দুপুরে পুরুষের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২০, ১২:০৮ অপরাহ্ন
বিভিন্ন ভোটকেন্দ্র সকালে নারীর সারি, দুপুরে পুরুষের

সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। কনকনে ঠান্ডা হাওয়াও বাদ সাধতে পারেনি ভোটে। সকালের দিকে নারী ভোটারদের উপস্থিতি বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমেছে। তবে এ সময় বেড়েছে পুরুষ ভোটারদের উপস্থিতি।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ভাওয়ানী একাডেমি, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

সকাল ৯টায় এসব কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ভোটারদের দীর্ঘ সারি। পুরুষ ভোটারদের লাইন ফাঁকা। কিন্তু বেলা বাড়ার সঙ্গেই দৃশ্য পুরো পাল্টে যায়।

শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রাজু কৃষ্ণ বলেন, সকালের দিকে বেশকিছু নারী ভোটার ভোট দিয়েছেন। এখনও দু-একজন করে আসছেন। সাড়ে ১১টায় পুরুষ ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের পর পুরুষ ভোটারের সংখ্যা আরো বাড়তে পারে।

ষাটোর্দ্ধ বয়সী আসমত বেগম ভোট দিয়েছেন সকালেই। তিনি বলেন, সবার আগে ভোট দিতে সকাল সকাল কেন্দ্রে এসেছি। শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। কোন রকমের ঝামেলা হয়নি। ভোটের পরিবেশ খুব ভাল বলে জানান তিনি।

শেখ মোহাম্মদ আশফাক (৩১) বলেন, ভোটের কারণে আজ ছুটি পেয়েছি। তাছাড়া শীতকাল। একটু ভালোভাবে ঘুমিয়ে ভোট দিতে এলাম। যোগ্য প্রার্থীকেই ভোট দিবো।

বাবুল শিকদার (৪৪) বলেন, ভয়-ভীতি ছিল, কি-না কি হয়। তাই সকালে আসিনি। এখন দেখি নির্বাচন সুষ্ঠু হচ্ছে। তাই ভোট দিতে চলে এলাম।

এক দিন আগেও নগরবাসীরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেদের প্রাত্যহিক কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু আজ সমাজের সকল শ্রেণীর মানুষ ও তাদের পরিবারের সদস্যরা দল বেঁধে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। সকাল থেকেই কেউ হেঁটে, কেউবা রিকশায় চেপে ভোট দিতে আসছেন। তাই অন্যান্য দিনের মতো মানুষদের কর্মঠ দেখা যায়নি। আর ভোটকেন্দ্রগুলোতে উৎসবের আমেজ।

এর আগে, সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন শুরু হয়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ হচ্ছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এরমধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তরে মোট ভোটকেন্দ্রে ১ হাজার ৩১৮। মোট সাধারণ ওয়ার্ড ৫৪ ও সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১৮টি। এ ছাড়াও ভোটকক্ষ রয়েছে ৭৫৪টি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এরমধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩। ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০। সাধারণ ওয়ার্ড ৭৫ ও সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। এ ছাড়াও ভোট-কক্ষের সংখ্যা রয়েছে ৮৭৬টি।