টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২০, ১:৫৫ অপরাহ্ন
টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশেষ হেলিকপ্টারে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান। কেন্দ্রীয় আওয়ামী লীগের নবনির্বাচিত নেতারা তার সঙ্গে রযেছেন।

বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের পর কেন্দ্রীয় আওয়ামী লীগের এক সভায় মিলিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী ও নব নির্বাচিত কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে স্থানীয় নেতাকর্মীদের মাঝে। এরই মধ্যে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এর আগে সকাল ৭টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যরা ঢাকায় জাতীয় সংসদ ভবন চত্বরের মিডিয়া সেন্টারের সামনে থেকে রওনা হন। তারা সড়ক পথে ৬টি বাসে করে যাত্রা করেন টুঙ্গিপাড়ার উদ্দেশে।

বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি কমপ্লেক্সে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে আওয়ামী লীগের নতুন কমিটির। পরে সেখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আগের ঘোষণা অনুযায়ী, নতুন কার্যনির্বাহী কমিটির বৈঠকও হবে সেখানে।

এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গোপালগঞ্জে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলার সর্বত্র তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।