ভোটের তারিখ পেছানোর দাবিতে আজও শাহবাগ অবরোধ | Daily AjKaler Kontho

ভোটের তারিখ পেছানোর দাবিতে আজও শাহবাগ অবরোধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২০, ৪:৩৩ অপরাহ্ন
ভোটের তারিখ পেছানোর দাবিতে আজও শাহবাগ অবরোধ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজার দিন ৩০ জানুয়ারি ঢাকা সিটি করপোরেশন ভোটের তারিখ পেছানোর দাবিতে আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

পরে দুপুর ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। শাহবাগ অবরোধ করার কারণে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়েছে।

এতে ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, সহসাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং ডাকসুর সদস্য তাসভীর হাসান সৈকতসহ বিভিন্ন হলের কয়েক শ শিক্ষার্থী অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

সমাবেশে সাদ্দাম হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন কোনো সিদ্ধান্ত বরদাশত করতে পারে না, যা সাম্প্রদায়িক সিদ্ধান্ত। আমরা আগেও বলেছি আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না। হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে আপনারা আপনাদের সাম্প্রদায়িক সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন না। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করুন।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে সাদ্দাম বলেন, আপনাদের কিসের এত একগুঁয়েমি। নির্বাচন কমিশন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

প্রার্থীদের উদ্দেশে ডাকসুর সহ-সাধারণ সম্পাদক বলেন, আপনারা (প্রার্থীরা) কথা বলুন। আপনারা যদি কথা না বলেন তাহলে সেটি হবে আমাদের জন্য লজ্জার এবং দুঃখের।

পরে শিক্ষার্থীরা পদযাত্রা সহকারে ইসি অভিমুখে রওনা হলে শাহবাগে পুলিশের বাধার সম্মুখীন হয়। বাধা উপেক্ষা করে শাহবাগে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা। কিছু সময় পর আজকের মতো কর্মসূচি স্থগিত করে চলে যায় শিক্ষার্থীরা।

এর আগে নির্বাচন পেছানোর দাবিতে মঙ্গলবার হাইকোর্টে করা রিট খারিজ করেন আদালত। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিকালে শাহবাগ অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পরে নির্বাচন কমিশনকে ১৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ শেষ করেন শিক্ষার্থীরা। এর মধ্যে নির্বাচনের তারিখ পেছানো না হলে ইসি ঘেরাও করার হুঁশিয়ারি দেন।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই দিন হিন্দু ধর্মাবলম্বীদের অন‌্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা হবে।