আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শুদ্ধি অভিযান শুধু আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে নয়, বিএনপির দুর্নীতিবাজ নেতাকর্মীদের বিরুদ্ধেও অভিযান চলানো হবে। বিএনপির নেতাকর্মীরা কে কী করছেন, কোথায় বসে কী অপকর্ম করছেন- সব খোঁজখবর নেয়া হচ্ছে। সময়মতো টের পাবেন।’
রোববার দুপুরে নগরীর ‘দি কিং অব চিটাগাং’-এ চট্টগ্রাম বিভাগের ৬ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘অপকর্মকারীরা সাবধান হয়ে যান, চিহ্নিত সন্ত্রাসীরা সাবধান হয়ে যান- প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ঘরটা শেষ করে পরেরটা ধরবেন। নেটের জালে সবার অপরাধ ধরা পড়বে। শেখ হাসিনার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বক্তব্য দেন, দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম প্রমুখ।
আজকালের কন্ঠ /এম
আপনার মতামত লিখুন :