পিলখানা হত্যা মামলার রায় যথাযথভাবে কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী | Daily AjKaler Kontho

পিলখানা হত্যা মামলার রায় যথাযথভাবে কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২২, ৩:৪৪ অপরাহ্ন
পিলখানা হত্যা মামলার রায় যথাযথভাবে কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোচিত পিলখানা হত্যা মামলার রায় যথাযথভাবে কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৩ মিনিটে বনানীস্থ সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিপথগামী সদস্যরা কিছু দাবি-দাওয়া আদায়ের নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে তাণ্ডব চালায়। এ ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হন। হত্যা মামলার বিচার ১৩ বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। হাইকোর্টের রায়ের পর মামলাটি এখন সুপ্রিমকোর্টের আপিল বিভাগে চূড়ান্ত বিচারের অপেক্ষায় রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিচারকার্য দীর্ঘসূত্রতার কারণ হচ্ছে, আমাদের সব উপাদান সংগ্রহ করতে একটু সময় লেগেছে। এছাড়া সাক্ষী জোগাড় করতেও বেশ সময় লেগেছে। চাচ্ছিলাম এই ঘটনার সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার যেন হয়। বিচারকরা তাই করেছেন। আর যেই মামলার বিষয়টি চলমান রয়েছে, সেটা খুব শিগগিরই শেষ হবে। বিচার শেষ হওয়ার পরে আপিল করার একটি সুযোগ থাকে, সেটাও তারা করছেন। আমরা মনে করি, এই প্রক্রিয়া শেষ হলে তারা ন্যায়বিচার পাবেন।

তিনি বলেন, আপনারা এটাও দেখেছেন বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করতে অনেক সময় লেগেছে। তারপরও আজ আমরা স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছি। আমাদের থেকে কালো দাগ মুছে গেছে। আমরা অবশেষে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। এভাবে নৃশংস ও হৃদয় বিদারক ঘটনা ঘটবে আমরা কল্পনাও করিনি। কতিপয় বিপথগামী বিডিআর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।