মাতৃভাষা দিবসে নারী-শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা | Daily AjKaler Kontho

মাতৃভাষা দিবসে নারী-শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২২, ২:৩৫ অপরাহ্ন
মাতৃভাষা দিবসে নারী-শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইভটিজিং রোধে নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার বেলা ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

র‌্যাব ডিজি বলেন, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা শহীদ মিনারে আসবো। সারাদেশে শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। যেকোনো পরিস্থিতিতে র‌্যাব প্রস্তুত আছে। র‍্যাব সদর দপ্তরের স্পেশাল ফোর্স ও র‍্যাবের হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। যেকোনো সময় র‍্যাবের হেলিকপ্টার মুভ করাতে আমরা সক্ষম।

আবদুল্লাহ আল-মামুন বলেন, সারাদেশের শহীদ মিনারে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ডগ স্কোয়াড দিয়ে আমরা শহীদ মিনার এলাকায় সুইপিং করছি। বোম্ব স্কোয়াডও নিয়োজিত থাকবে। আমাদের হেলিকপ্টারও প্রস্তুত আছে। ইভটিজিং রোধে নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে এবং আমরা সতর্ক থাকবো।

র‍্যাব মহাপরিচালক বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকবে, টহল থাকবে ও সাদা পোশাকে সারাদেশে র‍্যাবের সদস্যরা মোতায়েন থাকবে।

অগ্রীম পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশেপাশের এলাকা ও সারাদেশে গত ১৮ তারিখ থেকে সাদা পোশাকে র‍্যাবের সদস্যরা মোতায়েন রয়েছে বলেও জানান র‍্যাব মহাপরিচালক।

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট ও স্টেটিক ডিউটি আমরা মোতায়েন করেছি। বোম্ব ডিজপোজাল ইউনিট, স্ট্যান্ডবাই ফোর্সের পাশাপাশি র‍্যাবের মেডিকেল টিমও থাকবে।

এছাড়াও র‍্যাব সদরদপ্তরের ইন্টেলিজেন্স টিম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও সারাদেশে কৌশলগত স্থানে সাদা পোশাকে দায়িত্ব পালন করবে এবং সঙ্গে আভিযানিক দলও মোতায়েন থাকবে।