ভিজে অসুস্থ শাকিবের নায়িকা! | Daily AjKaler Kontho

ভিজে অসুস্থ শাকিবের নায়িকা!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০১৯, ৯:২৩ অপরাহ্ন
ভিজে অসুস্থ শাকিবের নায়িকা!

বিনোদন ডেস্ক : জাহারা মিতু। কিছুদিন আগে চলচ্চিত্রে তার শুরু হয়, তাও বেশ জাঁকজমকপূর্ণভাবে। প্রথম ছবিতেই শাকিবের নায়িকা হয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছেন এ নায়িকা। ‘আগুন’ সিনেমায় একসঙ্গে জুটি বেঁধেছেন কিং খান ও জাহারা মিতু।

তবে প্রথম ছবিতেই (শুটিং করতে গিয়ে) অসুস্থ হয়ে পড়েছেন নায়িকা জাহারা মিতু। বিভিন্ন গণমাধ্যমের কাছে নিজের অসুস্থতার কথা জানিয়ে নায়িকা নিজেই দিয়েছেন এই তথ্য। বলেছেন, কদিন ধরে ভীষণ জ্বরে ভুগছি।

কারণ হিসেবে জাহারা মিতু বলেছেন, কয়েকদিন আগে কক্সবাজারে ‘আগুন’ছবির বৃষ্টিভেজা কিছু দৃশ্যের শুটিং করেছি। প্রথমে সেই দৃশ্যের শুটিং করতে গিয়ে গায়ে ঠান্ডা লেগে যায়। এরপর থেকেই জ্বরে ভুগছি আমি।

জানা গেছে, ‘আগুন’ সিনেমার দৃশ্যে প্রচুর ভিজতে হয়েছে জাহারাকে। একটি দৃশ্যের জন্য বারবার শট দিতে হয়েছে তার। এতে ঠান্ডা লেগে যায় জাহারার। সেখান থেকে জ্বরের সুত্রপাত হয় নায়িকার।

প্রসঙ্গত, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’র প্রথম রানার আপ ছিলেন জাহারা মিতু। সেখান থেকে মিডিয়ায় থিতু হয়েছেন তিনি। এরপর বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘আগুন’ চলচ্চিত্রে কাজ করছেন এই নায়িকা।

বদিউল আলম খোকন পরিচালিত শাকিব-জাহারা অভিনীত এই সিনেমায় আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রতসহ অনেকেই।

আজকালের কন্ঠ /মিজান