কাউন্সিলর মমিনুল হক সাঈদ বরখাস্ত | Daily AjKaler Kontho

কাউন্সিলর মমিনুল হক সাঈদ বরখাস্ত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০১৯, ৯:০৩ অপরাহ্ন
কাউন্সিলর মমিনুল হক সাঈদ বরখাস্ত

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগ নেতা মমিনুল হক সাঈদকে কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

ডিএসসিসির বোর্ড সভায় উপস্থিত না থাকার কারণ দেখিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাকে কাউন্সিলর পদ থেকে অপসারণ করা হয়।

ডিএসসিসির অভিযোগ, মমিনুল হক ডিএসসিসির বোর্ড সভায় নিয়মিত যেতেন না। ডিএসসিসি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া অসংখ্যবার বিদেশে গেছেন। এখনো তিনি সিঙ্গাপুরে আছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন সরকার স্বাক্ষরিত আদেশে বলা হয়, মমিনুল হক সাঈদ নির্দিষ্ট কারণ দর্শানো ব্যতিত ১৮ টি সভার মধ্যে ১৩ টিতে অনুপস্থিত ছিলেন, এর মধ্যে একনাগারে ৩ বার সভায় অনুপস্থিতসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতীত বিদেশ গমন করেছেন।

এসবের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও জবাব না দিয়ে এড়িয়ে গেছেন তিনি।

এছাড়াও তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদনে সত্য প্রমাণ হওয়ায় তাকে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে অপসারণ করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর মতিঝিলের ইয়ংমেনস ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব, গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও বনানীর গোল্ডেন ঢাকা ক্লাবে অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব ও মতিঝিল থানা-পুলিশ সূত্র জানায়, এই চারটি ক্লাবের মধ্যে ওয়ান্ডারার্স ক্লাবটি চালাতেন যুবলীগের নেতা ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক।

এই ক্লাবে তাঁর নিয়ন্ত্রণে নিয়মিত ক্যাসিনো, জুয়া, মাদকের আসর বসত। তবে র‍্যাবের অভিযানের কয়েক দিন আগেই তিনি সিঙ্গাপুরে চলে যান।

আজকালেরে কন্ঠ /মিলন