আজকালের কন্ঠ ডেস্ক : নিউ ইয়র্ক ও দিল্লি সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকাল সাড়ে ৩টায় গণভবনে এ সংবাদ সম্মেলন হবে বলে তার দৈনিক কার্যসূচিতে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে ৩ থেকে ৬ অক্টোবর দিল্লি সফর করেন।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন শেখ হাসিনা। জাতিসংঘ মহাসচিব ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেওয়া ভোজসভাতেও অংশ নেন।
যুক্তরাষ্ট্র সফরে এবার দুটি সম্মাননা পেয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) তাকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করেছে।
আর তরুণদের দক্ষতা উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ তাকে ভূষিত করেছে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সন্মাননায়।
দিল্লি সফরে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম আয়োজিত ইন্ডিয়া ইকনোমিক সামিটেও যোগ দেন।
আজকালের কন্ঠ /এমএম
আপনার মতামত লিখুন :